কেন লিখি

কেন লিখি এটি ব্যাখ্যা করা দুরহ ব্যাপার। এক কথায় বলতে গেলে বলা যেতে পারে মনের ভেতর যেসব প্রশ্ন আসে, যে ইচ্ছের স্ফুরণ ঘটেছে জন্ম থেকে আজ অবধি সেগুলোর একটা বহিঃপ্রকাশ কেন জানি বারবার অনুভূত হয়েছে মনের গহীনে। আর সেসবের প্রেক্ষিতেই লেখালেখির জগতে আসা।

শৈশব থেকেই নানাবিধ নিষেধ, ধর্মীয় একটা গন্ডী আর বলবার স্বাধীনতার যে ক্ষয়িষ্ণু ট্র্যাডিশন আমাদের সমাজকে ঘিরে ধরেছিলো সেসব থেকে কেন জানি মনের অজান্তেই এক ধরনের অভিমান বা ক্ষোভ তৈরী হয়েছিলো। সেসব ক্ষোভ একদিন আস্তে আস্তে প্রকাশিত ভাষার মত বের হতে লাগলো আর সেই থেকেই লেখালেখির সূচনা।

মূলত লিখি আমাদের প্রজন্মের কথাও চিন্তা করে আর নিজের কথাগুলো প্রকাশের ইচ্ছে থেকেই। জানাতে ইচ্ছে করে নিজের অব্যক্ত কথাগুলো, না বলা কথাগুলো। আমাদের রাজনীতি, অর্থনীতি, সাহিত্য, সংস্কৃতির একটা বোধের যায়গা আছে যেটি সব সময় আমাকে তাড়িত করেছে এবং উদ্দীপনাও দিয়েছে নানাভাবে। সেগুলো সব সময় আমাকে তাড়িয়ে বেড়িয়েছে এবং যেন মনের গহীনে কোথাও এসব উদ্দীপনাগুলো জমা হয়েছিলো দীর্ঘকাল। এই ইংল্যান্ডে একটা স্বাধীন জগতে এসে সে অপ্রাকাশিত কথাগুলোই আসলে বর্ণে বর্ণে বেরিয়েছে আমার কিবোর্ডে শব্দের মাধ্যমে।

আমি জানিনা আমার লেখার মান কেমন কিংবা এটি আদৌ কোনো আলোড়ন তুলতে পারে কিনা। কিন্তু এটি সত্য যে আমার লেখা অনেকের গাত্রদাহের কারন হয়ে দাড়িয়েছে। একটা সময় ক্রমাগত হুমকি পেয়েছি আর সেসব ছাপিয়ে এখনতো রীতিমত হত্যার হুমকি মাথায় নিয়ে পথ চলেছি। তাতে করে অবশ্য মনে হয়েছে যে সঠিক পথেই বোধকরি রয়েছি এবং আমার লেখা কিছুটা হলেও কারো মাথা ব্যাথার কারন। তাই লেখার ইচ্ছেটা আরো যেন বিওশদ ভাবে পেয়ে বসে আমাকে।

তাই যদি এক কথায় বা এক লাইনে বলি তাহলে বলতে হয় লিখি আমার নিজের হৃদয়ের কথাগুলো প্রকাশের জন্য, আমাদের প্রজমের জন্য আর সামনের একটা সুনিশ্চিত ভবিষ্যত গড়বার তাগিদে। আমি মনে করি যুক্তি, সত্য আর কুসংষ্কারহীন একটা পৃথিবী প্রতিষ্ঠায় প্রত্যেকটি নাগরিক সুন্দর ও সত্য লেখার চেষ্টা করলেই তবে সেটি গড়ে ওঠা সম্ভব।

আজ আমি চিন্তার যে খোরাক যোগাবো বা যোগাবার অবস্থান তৈরী করছি সেটি হয়ত আগামীর শিশু আরো সামনের দিকে তার তীক্ষ্ণ জ্ঞান দিয়ে আরো সামনে এগিয়ে নিয়ে যাবে। এই আশা...এই প্রত্যাশা করি।

No comments:

Post a Comment